প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ০২:০৬ পিএম

অনলাইন সংস্করণ

একমঞ্চে গাইবেন জেমস ও রূপম

বিনোদন প্রতিবেদক
আগেও এক মঞ্চে দেখা মিলেছে জেমস ও রূপম ইসলামের। সেসব আয়োজনে গানে গানে অগণিত দর্শক-শ্রোতা হৃদয়ে ঝড় তুলতেও দেখা গেছে তাদের। তাই যখনই বাংলাদেশ ও ভারতের এই দুই রকস্টারকে নিয়ে কোনো আয়োজন খবর আসে, তা নিয়ে সংগীতপ্রেমীদের কৌতূহল থাকে চোখে পড়ার মতো। নগর বাউল ও ফসিলস ব্যান্ডের এই কান্ডারির নতুন খবর হলো, আবার এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন তারা। তবে এবার বাংলাদেশ কিংবা ভারতে নয়, তাদের লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে ওশেনিয়া অঞ্চলের সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়ায়। সেখানে আগামী সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হবে জেমস ও রূপমের ‘লাইভ ইন সিডনি’ কনসার্টটি। এর আয়োজন করছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া। 

আয়োজকদের কথায়, ‘মাহেন্দ্রক্ষণ’ শব্দটা হয়তো এমন কিছুর জন্যই প্রযোজ্য। বাংলা রক গানের ইতিহাসে এমন কিছু অস্ট্রেলিয়ায় অন্তত আগে কখনও হয়নি! আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার মঞ্চে আসছেন বাংলা রক গানের দুই মহিরুহ। দেশের সীমানা ছাড়িয়ে আমাদের সবার প্রিয় হয়ে উঠেছেন নগর বাউল জেমস। যিনি আমাদের বাংলা রক সংগীতের গুরু– সেই জেমসের এবার মঞ্চ শেয়ার করবেন আরেক রকস্টার রূপম ইসলাম। তাদের সঙ্গে থাকবে নিজ নিজ ব্যান্ড নগর বাউল এবং ফসিলস-এর সদস্যরা। তাই এটি শুধুই একটি কনসার্ট নয়; বরং বাংলা রকের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ইভেন্ট হতে চলেছে। যেখানে আমাদের কৈশোর, প্রেম, বিদ্রোহ, সবকিছুর অংশ হয়ে থাকা গানগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। প্রতিধ্বনিত হবে ‘আমার বাংলা..’। আর এ সুবাদে আমরা সবাই মিলে হব একটি ইতিহাসের অংশ। তাই পুরো আয়োজনটি রকভক্তদের কাছে আজীবন মনে রাখার মতো একটা স্মৃতি রচনা করবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ‘লাইভ ইন সিডনি’ কনসার্টের বিষয়ে আয়োজকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। যদিও কনসার্ট হতে এখন অনেক দেরি, তাই এখনই এ বিষয়ে বেশি কিছু বলার নেই। তবে এটুকু বলা যায়, তারা যেভাবে পরিকল্পনা সাজিয়েছে, তাতে আশা করা হয় বর্ণাঢ্য একটি আয়োজন হবে বলেই আশা করছি আমরা। 

শিল্পী রূপম ইসলাম এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তাঁর বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে। পাশাপাশি তাঁর ব্যান্ড ফসিলসের বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে। এর মাঝেই আলাদাভাবে প্রস্তুতি নিচ্ছে নগর বাউল জেমসের সঙ্গে মঞ্চ শেয়ার করার। সর্বশেষ ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে তারা এক মঞ্চে পারফর্ম করেছিলেন। সেই সংগীতায়োজন এখনও স্মরণীয় হয়ে আছে সংগীতপ্রেমীদের অনেকের। অস্ট্রেলিয়ার ‘লাইভ ইন সিডনি’ কনসার্টে একই রকম দৃশ্য চোখে পড়বে বলেও আশা প্রকাশ করেছেন এই শিল্পী।
এদিকে নতুন গান প্রকাশ না পেলেও আয়োজন থেমে নেই জেমসের। তিনি জানিয়েছেন, কনসার্টের বাইরে বেশ কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। সেগুলোর কাজ শেষ হলেই একে একে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে গান প্রকাশ নিয়ে এখনও নিশ্চিত করে কোনো দিন-তারিখ উল্লেখ করা সম্ভব নয়। আপাতত নতুন গান প্রকাশ না পেলে মঞ্চে দেখা মিলছে জেমসের।

বাংলা নববর্ষে স্কয়ার ও মাছরাঙা টিভি আয়োজিত পাবনা এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে ‘বৈশাখী কনসার্ট’-এ পারফর্ম করেন তিনি। এ আয়োজন দর্শক-শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। তার আগে ঢাকা, চট্টগ্রাম, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন কনসার্টে অংশ নিয়েছিলেন। গত বছর প্রবাসী শ্রোতাদের আহ্বানে সাড়া দিয়ে ছুটে গেছেন যুক্তরাষ্ট্র, সৌদি আবরসহ কয়েকটি দেশে। সেখানে গানে গানে তৃষ্ণা মিটিয়েছেন ভক্ত-অনুরাগীদের।   

মন্তব্য করুন