রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে, ২০২৪, ০৪:৪৪ এ এম

অনলাইন সংস্করণ

বহুল কাঙ্খিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে

ছবি সংগৃহীত

বহুল কাঙ্খিত বৃষ্টির দেখা মিলেছে রাজধানীতে। সঙ্গে বইছে ঝড়ো বাতাস। এতে শীতল অনুভব হচ্ছে। তবে ভোগান্তিতে পড়েন পথচারী ও ফুটপাতের দোকানিরা। আজ বৃহস্পতিবার (২ মে) রাত ৯ টার দিকে রাজধানীর শনির আখড়া, সূত্রাপুর, পোস্তগোলা ও তার আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয় পাশের জেলা নারায়ণগঞ্জেও। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি নেমে আসে।

মেঘে ঢেকে যায় রাজধানী। মাঝে মাঝে বিদ্যুতও চমকাতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই আকাশ ভেঙে ঝরতে থাকে কাঙ্ক্ষিত বৃষ্টি। পুরো এপ্রিলজুড়ে তীব্র দাবদাহ সয়ে আসা মানুষ যেন স্বস্তি ফিরে পেল। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।

শনিরা আখড়ায় বসবাস করেন গৃহিনী তাসনিয়া ফেরদৌস। বৃষ্টিতে সামান্য হলেও স্বস্তি নেমেছে বলে জানান তিনি। বলেন, ‘অনুভূতিটা অন্যরকম। যদি বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়, তবে গরম কমবে।’

সূত্রাপুর থেকে শিক্ষার্থী পূর্ণিমা রাউৎ বলেন, ‘প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেক দিন পর হঠাৎ বৃষ্টিতে যে অনুভূতি, তা বোঝানো কঠিন। আমি এখন ভিজব। পরে কথা হবে।’

পোস্তগোলা এলাকার রোকসানা খাতুন নামে শিক্ষার্থী জানান, অভূতপূর্ব। যা চাচ্ছিলাম, ঠিক তাই। কলিজা ঠান্ডা হয়ে গেল।

মন্তব্য করুন