প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ
উৎপল কুমার সরকার
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫। বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে নগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন শাহাজাহান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—মোঃ শাহাজাহান আলী (৫৮) এবং তার ছেলে মোঃ রিদওয়ান ইসলাম হৃদয় (৩০)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো বিক্রয়ের উদ্দেশ্যেই তাদের বাড়িতে সংরক্ষণ করে রাখা হয়েছিল বলে তারা স্বীকার করেছেন।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন