প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

শাহিন, রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক নারী সহ দুই জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে হলিদাগাছী এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়।
এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেলগেট এলাকায় পৌঁছালে প্রায় ৩৫ বছর বয়সী এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তার নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
অন্যদিকে, সোমবার রাতে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর কালাবিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি ঐ এলাকার জুলুম প্রামানিকের ছেলে। দুর্ঘটনায় তার শরীরের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়দের দাবি, সোহাগ নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।

সারদা রেলস্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, নিহত নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর যুবকটি নেশাগ্রস্ত ছিলেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি আরও বলেন, ঘটনা গুলো তদন্তে পুলিশ কাজ করছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন