প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬, ১১:২১ পিএম

অনলাইন সংস্করণ

আগুনে তপ্ত রাজশাহী: ৪০ ডিগ্রিতে উঠল পারদ, তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত

উৎপল কুমার সরকার 
পদ্মাপাড়ের শহর রাজশাহীতে বৈশাখের রুদ্ররূপে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে বইছে তীব্র তাপদাহ। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকাল বুধবার (২২ এপ্রিল) বিকেলে জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবারও (২৩ এপ্রিল) তপ্ত রোদে পুড়ছে বরেন্দ্র জনপদ, দুপুর গড়াতেই তাপমাত্রা ৩৬°C থেকে ৩৭°C এর ঘরে অবস্থান করছে, যা অনুভূত হচ্ছে প্রায় ৪০°C এর মতো।
​তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দুপুরের কড়া রোদে রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ছে। রিকশাচালক, দিনমজুর ও নির্মাণ শ্রমিকরা প্রখর রোদের কারণে কাজ করতে হিমশিম খাচ্ছেন। মোহনপুর উপজেলার কেশরহাটে প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা চিকিৎসকদের মতে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল।
​গরমের তীব্রতায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডায়রিয়া ও অন্যান্য গরমজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা গরমে দ্রুত অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে তিল ধারণের জায়গা নেই।
​রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছেন, ১৫ এপ্রিলের পর থেকেই তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়ছে। গতকালের ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল মৌসুমের সর্বোচ্চ। বাতাসে আর্দ্রতা কম থাকায় গরমের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে। বৃষ্টির দেখা না মিললে এ পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
​চিকিৎসকরা এই তীব্র তাপদাহে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। বাইরে বের হলে ছাতা ব্যবহার করা, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা এবং প্রখর রোদে সরাসরি শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

মন্তব্য করুন