প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:০৩ এ এম
অনলাইন সংস্করণ
বিজনেস ফাইল ডেস্ক
ঈদুল আযহার পবিত্র প্রথম দিনে, ওব্যাট হেল্পার্স বাংলাদেশ-এর উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় মোট ৯০০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১ কেজি করে গরুর মাংস প্রদান করা হয়, যাতে ঈদের আনন্দ সমাজের প্রতিটি ঘরে পৌঁছে যায়।
এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে ওব্যাট থিঙ্ক ট্যাংক-এর স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়। সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ও অসহায় পরিবারগুলোর মাঝে সম্মানের সাথে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।
প্রজেক্ট অফিসার মাহফুজ আলম বলেন—
"আমাদের আশেপাশেই এমন অসংখ্য পরিবার রয়েছে, যাদের কাছে মাংস খাওয়া শুধু স্বপ্নের মতো। অনেকেই সারা বছরে একবারও গরুর মাংস কিনে খাওয়ার সুযোগ পান না। ঈদের এই দিনে তাদের হাতে সামান্য এই উপহার তুলে দিতে পারা আমাদের জন্য এক অন্যরকম তৃপ্তি ও দায়িত্ববোধের প্রতিফলন।"
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অফিসার নুর হোসেন বলেন—
"মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে আমরা কাছ থেকে দেখি—কত পরিবার নীরবে অভাবের সাথে লড়াই করে যাচ্ছে। তাদের অনেকের কাছেই ঈদের আনন্দ মানে শুধুই অন্যদের খুশি দেখা। আমরা চেষ্টা করেছি সেই চিত্রটা বদলাতে, অন্তত এক দিনের জন্য হলেও তাদের ঘরে ঈদের হাসি পৌঁছে দিতে। এই অনুভূতিটাই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।"
এই কোরবানি কর্মসূচি শুধু খাদ্য সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক শক্তিশালী বার্তা, যা সমাজের প্রতিটি মানুষকে অসহায়দের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।
মন্তব্য করুন