জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪, ১২:০৩ এ এম

অনলাইন সংস্করণ

জয়পুরহাটে চোলাই মদসহ ৬ মাদক কারবারি আটক

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামের মৃত বিশ্বনাথ সিংহের ছেলে শ্যামল সিংহ (২৬), মহেন্দ্র সিংহের ছেলে অনিল সিংহ (২৬), মৃত লাল মোহন সিংহের ছেলে গজেন সিংহ (৫০), মৃত জন সিংহের ছেলে ভজেন সিংহ (৬৫), মৃত তুফান রবি
দাসের ছেলে বিজয় রবি দাস (২০) ও মৃত রমেশ্বর সিংহের ছেলে নিরাকান্ত সিংহ (৪০)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেপ্তারকৃত শ্যামল সিংহ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে পাঁচবিবির বীরনগর এলাকার তার নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে আসছিলেন। সেই মদ অনিল, গজেন, ভজেন, নিরাকান্ত ও বিজয়ের মাধ্যমে এলাকার যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রি করছিল। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় তার নিজ বাড়িতে ড্রাম, পাতিল, বালতি ও বোতলে মজুদ অবস্থায় ১ হাজার ৪০ লিটার চোলাই মদসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন