প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ১০:৪২ পিএম

অনলাইন সংস্করণ

রাজশাহীতে ইজিবাইক চালকদের ১১ দফা দাবি পেশ

ব্যুরো চিফ, রাজশাহী 
রাজশাহী মহানগরীতে ইজিবাইক চালকদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের নিকট জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল, রাজশাহী মহানগর শাখা।
বৃহস্পতিবার (১৮ জুন) সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ইজিবাইক চালকরা নগরবাসীকে যাতায়াত সেবা দিয়ে আসলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। ফলে চালকদের স্বার্থ সংরক্ষণ ও জীবিকা নির্বাহের সুবিধার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে— ট্রাফিক মামলার জরিমানা পুনর্বিবেচনা, অতিরিক্ত জরিমানা প্রত্যাহার, চালকদের ন্যায্য মজুরি ও ভাড়া তালিকা প্রণয়ন, অতিরিক্ত যাত্রী বহন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নির্দিষ্ট পার্কিং ও যাত্রী ওঠানামার স্থান নির্ধারণ, নিবন্ধিত যানবাহনের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানবাহনের নকশা ও উৎপাদনে মান নিয়ন্ত্রণ, ইজিবাইকের জন্য পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন, টায়ার ও ওভারলোড সংক্রান্ত জরিমানার যৌক্তিক পুনর্বিবেচনা, চালকদের আইন ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় সভা আয়োজন।
সংগঠনের নেতারা বলেন, ইজিবাইক চালকদের ন্যায্য অধিকার ও জীবিকার স্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে একদিকে যেমন চালকদের দুর্ভোগ কমবে, অন্যদিকে নগরীর যানবাহন ব্যবস্থাপনাও আরও সুশৃঙ্খল হবে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল, রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক মো. মাইনুল হক মানা ও অন্যান্য নেতৃবৃন্দ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

মন্তব্য করুন