প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০৩:১২ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ বট লিফ টি ফ্যাক্টরিজ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত

বিজনেস ফাইল প্রতিবেদক
বাংলাদেশ বট লিফ টি ফ্যাক্টরিজ অ্যাসোসিয়েশনের (BBLTFA) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৭ জুন পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার ইএসডিও মহানন্দা ইকো কটেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সভায় সংগঠনের সদস্যবৃন্দ, চা শিল্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ নিয়াজ আলী চিশতী বলেন, “বাংলাদেশের বট লিফ (Bought Leaf) চা খাতের টেকসই উন্নয়ন, ক্ষুদ্র চা চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে দেশের চা শিল্পকে আরও শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই খাতের উন্নয়ন দেশের উত্তরাঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন এবং মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন এবং সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ড, পঞ্চগড় অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব আমির হোসেন, স্মল টি গার্ডেন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাহজাহান,  ক্ষুদ্র চা চাষী সমিতির উপদেষ্টা জনাব আনিসুজ্জামান প্রামাণিকসহ চা শিল্পের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উদ্যোক্তারা।

সভায় বাংলাদেশের বট লিফ চা শিল্পের বর্তমান অবস্থা, ক্ষুদ্র চা চাষিদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন ও গুণগত মান উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং সরকারের সঙ্গে সমন্বয় বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা দেশের চা শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার জন্য সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা বট লিফ চা খাতের সার্বিক উন্নয়ন এবং ক্ষুদ্র চা চাষিদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন