প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
ব্যুরো চিফ, রাজশাহী
রাজশাহীর ঐতিহ্যবাহী বরেন্দ্র কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান মিনু এমপি মন্ত্রী (ভূমি মন্ত্রণালয়) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এবং বরেন্দ্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী আবুল কালাম আজাদ সুইট, চেয়ারম্যান রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকশিস) রাজশাহী মহানগর শাখার সভাপতি অধ্যাপক সাদরুল আমিন এবং কলেজের গভর্নিং বডির সদস্য ও নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শরীরচর্চা বিষয়ের শিক্ষক মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান মিনু বলেন, “বরেন্দ্র কলেজ কেবল শিক্ষার আলো ছড়াচ্ছে না, এটি বহন করছে এক গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য। এই অঞ্চলের মাটির সঙ্গে ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।” তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহা এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগের কথাও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “জীবন খুবই সংক্ষিপ্ত। তাই শুরু থেকেই একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তোমাদের সৎ, মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী, আইনজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় দেশের উন্নয়নে অবদান রাখবে।”
বিশেষ অতিথি আবুল কালাম আজাদ সুইট তাঁর বক্তব্যে কলেজজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষার্থীদের অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্তব্য এবং বিদায়ী পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন